খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩

নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি ফোর্স

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নাশকতা ঠেকাতে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি ফোর্স

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তবে অভিযানের নামে নিরপরাধ মানুষকে হয়রানি কিংবা ঢালাও গ্রেপ্তার না করার বিষয়েও সতর্ক করেছেন তিনি।

সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইজিপি। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, সহিংসতা প্রতিরোধে সারা দেশে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা ও মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার মনিটরিংও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় যাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, বিক্ষোভ, অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আগুনে এক চালকের প্রাণহানিও হয়েছে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন এলাকার ২০টি স্থানে ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সাতটি স্থানে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়।

একই দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম ও পটুয়াখালীতে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সিএমপিতে দুটি এবং কিশোরগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনায় একটি করে। এসব ঘটনায় মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৫৯ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৩৩ জনকে নাশকতার সময় আটক করা হয়।

ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি পুলিশ

সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় ধারাবাহিক সহিংসতার ঘটনায় বিশেষ নজর দিয়েছে পুলিশ সদর দপ্তর। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকায় যাতে সংঘবদ্ধভাবে কেউ নাশকতা চালাতে না পারে, সে জন্য টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

ইতোমধ্যে কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। যেসব স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় নেওয়া আইনি পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের কাছে জানতে চাওয়া হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফোর্স সংখ্যা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

এদিকে সীমান্ত ব্যবহার করে অপরাধী বা নাশকতাকারীরা যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি। গতকাল বুধবার সীমান্তবর্তী জেলার এসপি, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে পৃথক ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

অর্থদাতা ও পরিকল্পনাকারীদের খুঁজছে পুলিশ

সাম্প্রতিক নাশকতার পেছনে কারা অর্থায়ন করছে এবং মাঠপর্যায়ে কারা এসব কর্মকাণ্ডে ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখতে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। নাশকতার পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করতেও অনুসন্ধান চলছে।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও অর্থদাতাদের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিদের কর্মকাণ্ড এবং দেশের বাইরে থেকে নাশকতায় অর্থায়ন বা নির্দেশনা দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সহিংসতার সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন অর্থদাতার নাম পাওয়া গেছে। যারা সহিংসতা ঘটানোর জন্য অর্থায়ন করছে, তাদের পাশাপাশি নতুন করে যাদের নাম আসছে, তাদের বিষয়েও তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শুধু ঘটনা ঘটার পর ব্যবস্থা নিলেই হবে না, সম্ভাব্য নাশকতা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করতে হবে। গুরুত্বপূর্ণ স্থাপনা, যানবাহন চলাচলের স্থান, সড়ক ও জনসমাগমস্থলে নজরদারি বাড়াতে হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে।

গণগ্রেপ্তার নয়, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা

নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি অভিযানের নামে নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেছেন আইজিপি। অপরাধী ধরার নামে ঢালাও গ্রেপ্তার কিংবা শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মানসম্মত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত কি না, তা যাচাই না করে তাকে হয়রানি করা যাবে না। গণগ্রেপ্তারের পথে না গিয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া অভিযানে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সক্রিয়তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মাঠপর্যায়ে কোনো সদস্য দায়িত্ব এড়িয়ে চলছেন কি না, তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। দায়িত্ব পালনে নিষ্ক্রিয় সদস্যদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সক্রিয় করার পাশাপাশি প্রয়োজন হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব। সাম্প্রতিক ঘটনাগুলো কেন্দ্র করে চেকপোস্ট ও পেট্রোল বাড়ানো হয়েছে। বুধবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের প্রতিটি ইউনিট তৎপর রয়েছে।

টেকনাফে মশাল মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফের ওলিয়াবাদ মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার খোরশেদ আলম, আকিব ও আব্দুল গফুর।

বিজিবি জানায়, হামলার খবর পেয়ে বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিজিবির এক সদস্য আহত হন। এ ছাড়া টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। রাত ১২টার দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভিন্ন জেলায় অভিযান, গ্রেপ্তার ও বিস্ফোরক উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযান চালিয়ে গ্রেপ্তার, বিস্ফোরক উদ্ধার এবং মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

বরিশালের আগৈলঝাড়া থানায় বোমা হামলার প্রস্তুতিকালে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আড়াই লিটার প্রেসার কুকার বোমা উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক চালকের নাম মো. কাউছার খলিফা।

মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে এ অভিযান চালায় থানা পুলিশ। পরে বুধবার দুপুরে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশের নির্মাণাধীন স্টেডিয়ামের বালুর মাঠে এসআরবির সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানিয়েছে, চলমান সহিংসতার অংশ হিসেবে বোমাটি মজুত করা হয়েছিল। আগৈলঝাড়া থানায় হামলার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রেদওয়ানুর রহমান মাস্টার নামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে হবিগঞ্জে মিছিল করার জন্য জড়ো হলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধারের পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক এ নির্দেশ দেন।

এদিকে ফরিদপুরের বোয়ালমারী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশ এবং কুমিল্লার লালমাইয়ে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র রাতারগুলে ইকো রিসোর্ট ভাড়া নিয়ে রাজনৈতিক সভা আয়োজনের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় অভিযান চালিয়ে রিসোর্টের কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক সোহেল আহমদ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি

ছবি বাউবি

যোগফল প্রতিবেদন ।। অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুইজন শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৫৬তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বাউবি কর্তৃপক্ষ নকলমুক্ত, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর। সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন তালুকদার এবং কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ।

নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নতুন এসআরও মানছে না কৃষি মন্ত্রণালয়, কীটনাশক উৎপাদনকারীদের ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়ানো হচ্ছে। তবে কীটনাশকের কাঁচামাল আমদানি ও বন্দর থেকে পণ্য খালাসে হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন এসআরও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উৎপাদনকারীরা।

উৎপাদনকারীদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর নতুন এসআরও জারি করলেও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা অনুসরণ করছে না। ফলে আগের নিয়মেই প্রতিবার কাঁচামাল খালাসের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। একই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন দেশীয় উদ্যোক্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাইনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছালে প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন করতে হয়। পরে আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন শেষে আবার অধিদপ্তরে পাঠানো হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হয়।

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়ার সময়ই প্রয়োজনীয় শর্ত যাচাই করা হয়। এরপরও প্রতিবার কাঁচামাল আমদানির পর কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা যাচাই করার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, কারখানা পরিদর্শনে তাদের কোনো আপত্তি নেই। তবে প্রতিবার কাঁচামাল খালাসের সময় অনাপত্তিপত্র নেওয়া এবং তদন্তের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হলে তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের আগের এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমসের পরিবর্তে নতুন করে ১৫৬-আইন/২০২৬/কাস্টমস নম্বরে এসআরও জারি করেছে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, আমদানিকারক কার কাছ থেকে এবং কত তারিখে পণ্য এনেছেন, তা প্রতিবার যাচাই করার প্রয়োজন নেই। নির্ধারিত প্রত্যয়নপত্র দেখিয়েই বারবার কাঁচামাল খালাস করা যাবে। অর্থাৎ প্রতিটি চালানের জন্য নতুন করে অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।

তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন উৎপাদনকারীরা। তাদের দাবি, এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা নতুন এসআরও কার্যত উপেক্ষিত হচ্ছে।

কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করতে বলা হচ্ছে। ফলে নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় শিল্প উদ্যোক্তারা।

তিনি আরও বলেন, আগের নিয়মে কার্যক্রম পরিচালনার কারণে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উৎপাদনকারীদের পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে। অথচ কীটনাশকের আমদানির বিকল্প হিসেবে দেশেই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে, যা সরকারও উৎসাহিত করতে চায়।

বামা সভাপতি অভিযোগ করেন, সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের প্রতিবার কাঁচামাল আমদানির সময় নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এতে স্থানীয় উৎপাদন শিল্প নিরুৎসাহিত হচ্ছে। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তারা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

শাকুর মাহমুদ চৌধুরী ।। উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সুদৃঢ় ঐক্যের প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, গুণীজন সংবর্ধনা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ। সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ আমিন এবং দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া অত্যন্ত জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।

প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা জরুরি।

দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীনকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সফরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংগঠনিক সম্মেলনের সমাপ্তি ঘটে।